কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অন্যতম পথিকৃৎ ও নোবেলজয়ী বিজ্ঞানী জিওফ্রি হিন্টন এই প্রযুক্তির ভবিষ্যৎ ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, এআইয়ের ঝুঁকি সামলাতে ব্যর্থ হলে চলতি বছর কিংবা আগামী বছরের মধ্যে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এমনকি বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অচল হয়ে যাওয়া কিংবা আর্থিক লেনদেনের ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী এই বিজ্ঞানী জানান, এআই নিয়ে কথা বলার দায়বদ্ধতা থেকেই তিনি সতর্ক করছেন। তিনি মনে করেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাজারে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় এতটাই ব্যস্ত যে, নতুন মডেল প্রকাশের আগে ঝুঁকিগুলো পর্যাপ্ত গুরুত্ব পাচ্ছে না। বিশেষ করে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানসহ প্রযুক্তি খাতের প্রভাবশালী উদ্যোক্তাদের অর্থ উপার্জনের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। হিন্টনের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই উন্নয়নের তীব্র প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

আন্তর্জাতিক নীতিমালা ও ভবিষ্যৎ সতর্কতা

এআইয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিকভাবে কঠোর নিয়ম চালুর পক্ষে মত দিয়েছেন জিওফ্রি হিন্টন। তিনি উন্নত এআই মডেল বাজারে ছাড়ার আগে বাধ্যতামূলক পরীক্ষা ও স্বাধীন মূল্যায়নের পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে অভিন্ন নীতিমালা তৈরির পরিকল্পনা সমর্থন করেন। ফিনল্যান্ডসহ ৩২টি দেশ এই উদ্যোগের পক্ষে থাকলেও, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক উদ্যোগের বিরোধিতা করছে।

প্রায় ৪৪ বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা এই বিজ্ঞানী মনে করেন, আগামী এক দশকের মধ্যেই বোঝা যাবে মানুষ এআইয়ের ঝুঁকি সামলাতে সক্ষম কি না। তিনি সতর্ক করে বলেন, এআই একদিকে যেমন পৃথিবীকে অসাধারণ ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে, অন্যদিকে ঝুঁকি নিয়ন্ত্রণ করতে না পারলে বেকারত্ব বৃদ্ধি, ধনী-দরিদ্রের ব্যবধান এবং সামাজিক কাঠামো ভেঙে পড়ার মতো ভয়াবহ সংকট তৈরি হতে পারে।