দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রথম ধাপে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে। প্রথম পর্যায়ে যাওয়া কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে চাকরি করবেন। তাদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তির আওতায় তারা আবাসন ও চিকিৎসাসুবিধাও পাবেন।
স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নির্বাচন
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এই কর্মসূচিতে কর্মীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করছে কর্তৃপক্ষ। ভিসা ফি ও বিমান টিকিটের খরচ দিচ্ছে নিয়োগকর্তা। এতে জনপ্রতি প্রায় ২ লাখ টাকা সাশ্রয় হচ্ছে।
কর্মী নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে জানান মোহাম্মদ রাশেদুল হক। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরবর্তীতে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়েছে। মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।





